একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন | Kontho

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন

সরকারের নবম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া প্রতিরোধ ও মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ জন্য ৪ হাজার ৩৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ফেনীর মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১.৭৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। পাশাপাশি ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ২১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণে ২ হাজার ৯১০ কোটি টাকা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়), (৩য় সংশোধনে প্রস্তাবিত) ৮৪৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে ৪ হাজার ৯৪৯ কোটি টাকা

ব্যয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, মানুষের যোগাযোগ, বিদ্যুৎ ও ব্যবসা-বাণিজ্যের বৈষম্য কমানোর লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার। তিনটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এতে পার্বত্য জেলার মানুষের কষ্ট কমে আসবে।