রাজনৈতিক অর্থায়ন, সম্পদের স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টাউন হল সংলাপ।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘Strengthening Democratic Accountability: Political Finance & Asset Transparency’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়লগ (TBD)।
রাজনৈতিক অর্থায়ন, সম্পদের স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টাউন হল সংলাপ।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘Strengthening Democratic Accountability: Political Finance & Asset Transparency’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়লগ (TBD)।
সহযোগিতায় ছিল ভয়েসেস ফর ইন্টার্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (VOICE)।
সংলাপে গবেষক, সাংবাদিক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ অংশগ্রহণকারী ও সংসদ সদস্যরা অংশ নেন। রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ ঘোষণায় স্বচ্ছতা কীভাবে গণতান্ত্রিক জবাবদিহি আরও শক্তিশালী করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে ইতোপূর্বে আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রামের অংশগ্রহণকারী তাসমিয়া ফেরদৌস তিতলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। JoYEE Training Sessions থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে তিনি রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ স্বচ্ছতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিছু সুপারিশ উপস্থাপন করেন।
তারপর ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রামের অংশগ্রহণকারীদের সঙ্গে একটি উন্মুক্ত আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা বক্তা ও সংসদ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। রাজনৈতিক অর্থায়ন, নির্বাচনী ব্যয়, সম্পদ বিবরণী, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করেন। এসব বিষয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের আস্থার ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়েও জানতে চান তারা।
সংলাপের প্যানেল আলোচনায় অংশ নেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ হোসাইন। তারা রাজনৈতিক অর্থায়ন, গণতান্ত্রিক জবাবদিহি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত হয় ‘Parliamentarians Take’ পর্ব। এতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি রাজনৈতিক অর্থায়ন ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
মাহমুদা হাবিবা গণতান্ত্রিক জবাবদিহি, স্বচ্ছতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বিপুলসংখ্যক প্রথমবারের সংসদ সদস্যের প্রেক্ষাপটে তিনি বিশ্বাসযোগ্য নির্বাচন ও ভোটারদের কাছে জবাবদিহির গুরুত্ব তুলে ধরেন। প্রার্থীদের বাছাইপ্রক্রিয়া আরও কার্যকর করা, সম্পদ বিবরণী আরও স্বচ্ছ করা এবং সংসদ সদস্যদের সম্পদ ও নির্বাচনী ব্যয়ের ওপর নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
নির্বাচিত প্রতিনিধিদের ঘিরে গড়ে ওঠা পৃষ্ঠপোষকতার সংস্কৃতির কথাও তুলে ধরেন মাহমুদা হাবিবা। ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য অনৈতিক বা অন্যায্য উপায়ের পরিবর্তে সংসদ সদস্য ও নাগরিক উভয়েরই আইনসম্মত ও ন্যায়সংগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম এবং সক্রিয় নাগরিক সমাজের গুরুত্বের কথাও বলেন তিনি। একই সঙ্গে অনলাইনে হয়রানি ও অপব্যবহার রোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উন্নয়ন প্রকল্পে প্রশাসনিক ব্যয় এবং সরকারি অর্থ কীভাবে বরাদ্দ ও বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে জনগণের আরও পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, আবদুল্লাহ আল আমিন রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নির্বাচিত প্রতিনিধি ও নাগরিকদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জনগণের সঙ্গে স্বচ্ছভাবে যোগাযোগ করা গেলে তাদের আস্থা ধরে রাখা সম্ভব।
রাজনীতিতে পৃষ্ঠপোষকতাভিত্তিক সংস্কৃতির অবসানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে এবং নিজেদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। একই সঙ্গে স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং রাজনীতিবিদ, আমলা ও সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের ওপর জনসাধারণ ও তরুণদের নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
মতপ্রকাশের স্বাধীনতা, মুক্ত আলোচনা এবং অর্থবহ নাগরিক অংশগ্রহণকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সংস্কারমুখী বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন আবদুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের সেক্রেটারি আসলাম বেগ সায়েম। তিনি বাংলাদেশে আর্থিক ও রাজনৈতিক জবাবদিহি, সম্পদের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, জনপরিসর ও গণমাধ্যমের আলোচনায় অনেক সময় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমস্যার পরিবর্তে চটকদার বিষয় বেশি গুরুত্ব পায়। এর ফলে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের মতো বড় বিষয়গুলো আলোচনার আড়ালে থেকে যায়। রাজনীতিবিদদের সঙ্গে নাগরিকদের সরাসরি সংলাপের সুযোগ তৈরি এবং তরুণদের ছোটবেলা থেকেই রাজনৈতিক ও নাগরিক আলোচনায় যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আসলাম বেগ সায়েম আরও বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি। স্থানীয় পর্যায়ের নির্বাচনসহ সব পর্যায়ে গ্রহণযোগ্য নির্বাচন জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি সচেতন ও সক্রিয় তরুণ প্রজন্ম রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির মধ্যে রাখতে পারে। জনগণের সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ বাড়লে রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়বে। এর মধ্য দিয়ে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পথ আরও শক্তিশালী হতে পারে বলে তিনি মত দেন।
