সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন ব্রিফিংয়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে।
রিটে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রেস ব্রিফিং না করে সম্মানহানি না করার নির্দেশনাও চাওয়া হয়েছে। দুদককের প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে করা ভুল স্বীকার করতে নির্দেশনাও চাওয়া হয়েছে।
পরে রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন এরইমধ্যে প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
