কম্বোডিয়া ভিত্তিক প্রতারক চক্রের বাংলাদেশে সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে টার্গেট করে বিভিন্ন শ্রেণির মানুষকে ফাঁদে ফেলতেন তারা। পরে হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে সম্পর্ক তৈরি করে অনলাইন ব্যবসার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়া হত বিপুল অর্থ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পিবিআই উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রো (উত্তর) পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতারক চক্রটির মূলহোতা কম্বোডিয়ায় অবস্থান করছে। বাংলাদেশ থেকে কম্বোডিয়ায় যাওয়া ব্যক্তিদের একটি অংশকে বিভিন্নভাবে প্রতারণার কাজে যুক্ত করা হয়। সেখানে গড়ে তোলা হয়েছে আলাদা টিম। সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে খোলা হয় ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। এরপর নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে শুরু হয় কথোপকথন। প্রথমে নারী পরিচয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। কয়েকদিন কথাবার্তার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগত ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় আস্থার সম্পর্ক। এরপর অনলাইন ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা পাঠাতে বলা হয়।
এ ঘটনায় কম্বোডিয়ায় থাকা চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন মো. এনায়েত হোসেন।
