সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য নেই | Kontho

সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য নেই

পলাতক ফ্যাসিস্টদের পুলিশবাহিনী থেকে সহায়তার তথ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন-২০২৬ সংশোধন বিষয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য নেই। সমাজে সাইবার অপরাধ দমন করাই এর লক্ষ্য। সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকে কিভাবে সুরক্ষা দেয়া যায়, এই আইনের দ্বারা যেন গণমাধ্যম আক্রান্ত না হয়, সেই ব্যাপারে সুপারিশ দরকার। সেক্ষেত্রে, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে সেটি প্রয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে কাজ করবে। তারা কোন কোন ক্ষেত্রে, কিভাবে প্রয়োগ করতে পারবে, সেই ব্যাপারে সুপারিশ আসতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্য আইন দিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। সেই কারণে সংশ্লিষ্ট আইন দিয়েই এই অপরাধ ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। সাইবার সুরক্ষা আইন সংশোধন করে পুলিশকে দায়িত্ব দিলে সমাজে দ্রুত অপরাধ প্রবণতা কমবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কিভাবে কিশোররা টিকটক কিংবা বিভিন্ন প্রোগ্রামে আসক্ত হতে পারে, সম্প্রতি তার উদাহরণ সৃষ্টি হয়েছে কুমিল্লাতে। এ ধরনের আসক্তির কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে।