পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। বার্তা সংস্থা এএনআই বলছে, চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম টেলিফোনে এএনআইকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো উড়োজাহাজ ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে ফ্লাইটটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছায়নি।’
তিনি বলেন, ‘পাকিস্তান কেন আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।’
মন্ত্রী আরও জানান, চালানটি আনার জন্য নতুন একটি তারিখ প্রস্তাব করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এরপর কর্মকর্তাদের জানানো হয়, আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি।
এএনআইকে তিনি বলেন, ‘বিমানবন্দরে আমরা সব প্রস্তুতি শেষ করেছিলাম এবং অপেক্ষা করছিলাম। কিন্তু রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আমাদের জানান, আকাশসীমার অনুমতি পাওয়া যায়নি। তাই আমরা এটি পাঠাতে পারিনি। নতুন করে সময়সূচি নির্ধারণের প্রয়োজন হতে পারে।’
তবে কোন দেশ ফ্লাইটটির আকাশপথ ব্যবহারে বাধা দিয়েছে, তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। বিষয়টি স্পষ্ট করতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এএনআই। তবে কোনো জবাব পাওয়া যায়নি।
