অবশেষে দখলমুক্ত হলো মিরপুর ১ নম্বরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র। হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণে শুরু হয়েছে কাজ। ধ্বংসস্তূপের মাঝেই তৃতীয় দিনের মতো স্বাস্থ্যকেন্দ্রটিতে চলে সেবাদান।
হাজারো গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসার ভরসাস্থল ছিল যে ভবন সেটি গুঁড়িয়ে দেয়ার চেষ্টা হলেও নিশ্চিহ্ন করে ফেলা যায়নি। ভাঙচুর ও লুটপাটের পরও মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রত্যাশীদের সেবা নিশ্চিত করার চেষ্টায় কর্মীরা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শুরু হয় ভেঙে ফেলা ভবনটির পুনর্নির্মাণের কাজ। খোলা আকাশের নিচ ছেড়ে ভবনের ভেতরেই টিকাদান কর্মসূচি পরিচালনা করতে পারছেন স্বাস্থ্যকর্মীরা।
রাড্ডার ধ্বংসস্তূপ পরিদর্শন করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ঘটনার জন্য বিএনপির একাংশকে দায়ী করেন তিনি।
এর আগে রাড্ডা সেন্টার পরিদর্শনে এসে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, জড়িতদের গ্রেফতার করা হচ্ছে, সরকার এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবে না।
ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার ও দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
