৯৯ শতাংশ সম্পদ হারিয়েছেন রবার্তো কার্লোস | Kontho

৯৯ শতাংশ সম্পদ হারিয়েছেন রবার্তো কার্লোস

৯৯ শতাংশ সম্পদ হারিয়েছেন রবার্তো কার্লোস

ফুটবল ক্যারিয়ারে সাফল্যের শিখরে উঠেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা—অর্জনের তালিকা দীর্ঘ। অথচ মাঠের বাইরের জীবনে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন এই কিংবদন্তি।

লিসবনে ‘পর্তুগাল ফুটবল সামিটে’ ৫৩ বছর বয়সি কার্লোস জানান, ক্যারিয়ারে উপার্জিত সম্পদের প্রায় ৯৯ শতাংশই একসময় হারিয়েছিলেন তিনি। ভুল মানুষের ওপর আস্থা রাখাকেই এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক এই ডিফেন্ডার।

কার্লোস বলেন, ‘আমার খুব গুরুতর একটি পারিবারিক সমস্যা ছিল। বৃহস্পতিবার রাত ১২টায় ঘুমাতে গিয়েছিলাম। শুক্রবার একগাদা কাগজপত্র পেলাম, যেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তখনই বুঝতে পারলাম, আমি আমার পুরো ইতিহাস হারিয়ে ফেলেছি।’

বর্তমান ফুটবলারদের সতর্ক করে তিনি বলেন, অবসর-পরবর্তী জীবনের পরিকল্পনাও ক্যারিয়ারের শুরু থেকেই করা উচিত। নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে ফুটবল ছাড়ার আগেই স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স নিয়েছিলেন তিনি এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছিলেন।

কার্লোসের পুরো ক্যারিয়ারের আয় আনুমানিক ১৬ কোটি ইউরো বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’।