নাপিত থেকে ভারতের ‘সেরা নাচিয়ে’ | Kontho

নাপিত থেকে ভারতের ‘সেরা নাচিয়ে’

নাপিত থেকে ভারতের ‘সেরা নাচিয়ে’

একসময় সেলুনে নাপিতের কাজ করতেন রায়পুরের তরুণ রিতেশ পাল। সেখান থেকেই শুরু হয়েছিল নাচের চর্চা। দীর্ঘ পথ পেরিয়ে এখন তিনি ভারতের ‘সেরা নাচিয়ে’। জীবন যেন বদলে গেল স্বপ্নের মতোই।

ভারতের জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‌‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর শিরোপা জিতেছেন রিতেশ পাল। চার মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেরার ট্রফি ঘরে তুলেন তিনি, পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ লাখ রুপি। পুরস্কারের অর্থ দিয়ে মায়ের জন্য বাড়ি বানানোর স্বপ্ন রিতেশের। ঠিক করে রেখেছেন বাড়ির নামও, ‘হরিদর্শন’।

পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য শুরু থেকেই অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে আলোচনায় ছিলেন রিতেশ। তিনবার ‘ব্যাটল ট্রফি’ জেতাও তার সেই ধারাবাহিকতারই প্রমাণ।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ জেতাকে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন রিতেশ। তার ভাষ্যমতে, ‘ইন্ডিয়া ওয়ালা ড্যান্স’ তাকে একজন শিল্পী হিসেবে পরিণত হতে সাহায্য করেছে। বিচারকের আসনে থাকা কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইসের কাছ থেকে পাওয়া পরামর্শ তার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

এদিকে রিতেশের এই জয়ের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে কোরিওগ্রাফার প্রতীক উতেকরের নাম। পুরো মৌসুমে তার সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছেন রিতেশ। বিজয়ের পর প্রতীক জানান, তার ‘শিষ্য’ রিতেশের সঙ্গে ট্রফি জেতা তার জন্য গর্ব ও আবেগের মুহূর্ত।

গ্র্যান্ড ফিনালেতে রিতেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রতিযোগী- দীপালি, প্রথমেশ, আনশিকা ও গীতাঞ্জলি। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন আনশিকা ও দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন প্রথমেশ।