অস্কারে লড়বে বাংলাদেশের ‘রইদ’ | Kontho

অস্কারে লড়বে বাংলাদেশের ‘রইদ’

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’ চলচ্চিত্রের নাম প্রকাশ করেন।


কমিটি সূত্রে জানা যায়, এবার ৬ সদস্য বিশিষ্ট অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা ছিলেন ড. জহিরুল ইসলাম কচি, সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি। তারা নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সর্বমোট ৫টি সিনেমা পান ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য। সিনেমাগুলো হলো- রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।


এরমধ্যে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি থাকা ৪ সিনেমার মধ্যে অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’কে চূড়ান্তভাবে মনোনীত করেন।


প্রসঙ্গত, ‘রইদ’ সিনেমাটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদী অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা। সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের হৃদয় জয় করবে বলে প্রত্যাশা করেছেন আয়োজকরাও।