চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে নতুন প্রস্তাব | Kontho

চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে নতুন প্রস্তাব

চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে নতুন প্রস্তাব

১০ লাখ টাকার সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত পুরোপুরি ফেরত দেয়ার প্রস্তাব করা হয়েছে অবসায়নের প্রক্রিয়ায় থাকা চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের জন্য। ৫০ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে নির্ধারিত হারে অর্থ কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়ার প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। তবে এই প্রস্তাবনা ব্যক্তি আমানতকারীদের জন্য হলেও প্রাতিষ্ঠানিক আমানতের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় প্রথম ধাপে ৯টি এবং চূড়ান্ত ধাপে ৫টি প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পিপলস লিজিংয়ের আইনি ও মামলা জটিলতার পর ৯ আগস্ট ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্সের পর্ষদ বিলুপ্ত করা হয়।

দেড় মাস পর প্রাথমিকভাবে ১০ লাখ টাকার সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত পুরোপুরি ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে আমানতের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হলে নির্ধারিত হারে অর্থ কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

প্রাথমিকভাবে ৯টি প্রতিষ্ঠানের মধ্যে বাকি চারটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি করতে না পারলে এগুলোকেও বন্ধের আওতায় আনা হবে।

প্রতিষ্ঠান চারটি হলো-প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।