চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন: জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)। তবে মৃত নারীর ডেঙ্গু পজেটিভ ছিল ও শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে জানান চিকিৎসকরা।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, ফেরদৌসী নামে ওই নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হন। তার ডেঙ্গু পজেটিভ ছিল। অন্যদিকে, শিশু মহব্বত গত রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও তার ডেঙ্গু পরীক্ষা করে পজেটিভ না থাকায় তা নিশ্চিত ছিল না।
বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন ও ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ জনকে। চলতি বছরে এখন পর্যন্ত জেলা হাসপাতালে ১৬১৫ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এরমধ্যে গত এক মাসেই ভর্তি হয়েছেন হাজারেরও বেশি রোগী।
