নেপালে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ পাহাড়ধসের কারণে দেশটির মানাং এলাকায় আটকে পড়েছে বাংলাদেশের পাবজি দল ‘এওয়ান ই-স্পোর্টস’। উদ্ধারের জন্য নেপালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে আকুতি জানিয়েছে দলটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এওয়ান ই-স্পোর্টস এর ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়, নেপালে আয়োজিত পিএমজিও (PMGO) টুর্নামেন্ট শেষ করে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
মানাং থেকে ফেরার পথে সরাসরি পাহাড়ধসের মুখে পড়ে এওয়ান স্পোর্টস টিমের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে একটি গ্রামে আশ্রয় নেন তারা। বিদ্যুৎ, ওয়াইফাই ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় বাইরের দুনিয়ার সঙ্গে দলটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সামনে ও পেছনের সেতু ভেঙে যাওয়ায় কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন দলের সদস্যরা। রোববার সকালে মোবাইল নেটওয়ার্ক ফিরে পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ই-মেইল ও ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো কার্যকর সাড়া পাননি বলে অভিযোগ করেছে দলটি।
স্ট্যাটাসে তারা হতাশা প্রকাশ করে জানান, তাঁদের সঙ্গে আটকে পড়া আমেরিকা, চীন, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা ইতোমধ্যে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে দ্রুত যোগাযোগ ও উদ্ধার সহায়তা পেয়েছেন। অথচ বাংলাদেশিরা এখনো অপেক্ষায় আটকে আছেন।
ফেসবুক পোস্টে এওয়ান স্পোর্টসের পক্ষ থেকে আক্ষেপ করে লেখা হয়, ‘আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা শুধু জানতে চাই—বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নাগরিক যখন জীবন-মৃত্যুর অনিশ্চয়তায় পড়ে, তখন তার দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিত্বকারী মিশন কি তার পাশে দাঁড়াবে না? বিপদের মুহূর্তে যেন মনে হয়, আমরা একা নই।’




